
নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার তিন শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি এক হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও সরকারের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ ও ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো: রেজাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো: রেজাউল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের সাধারণ, মেহনতি ও অসহায় মানুষের পাশে রয়েছেন। ঈদের আনন্দ থেকে যেন কোনো পরিবার বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি কালবৈশাখী ঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই প্রতিটি ঘরে ঈদের আনন্দ পৌঁছে যাক। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।”
সভাপতির বক্তব্যে ইউএনও মো: মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রকৃত অসহায় মানুষের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উপহার ও ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ সহায়তা প্রকৃত হকদারদের কাছে পৌঁছানো নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলমসহ বিভিন্ন নেতাকর্মি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা পেয়ে এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠে। সরকারের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদক 















