
নওগাঁর আত্রাই উপজেলা ক্লাস চলাকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদের অংশ ধসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সোয়াইফ ও ফাইসাল আলী। দুর্ঘটনার পর তাদের দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার সরকার জানান, ক্লাস চলাকালে হঠাৎ বিদ্যালয় ভবনের ছাদের বিমের একটি অংশ ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে ফাইসাল আলীর মাথার উপরে পরে কেটে যায় এবং তার মাথায় আটটি সেলাই দিতে হয়েছে। অপর শিক্ষার্থী সোয়াইফের হাতে গুরুতর আঘাত লাগে।
তিনি আরও জানান, বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নতুন ভবন না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। মঙ্গলবার ক্লাস চলাকালে ভবনের পেছনের অংশের ছাদের বিম ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম বলেন, ভবনটি অনেকদিন ধরেই পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। নতুন ভবন নির্মাণের জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যেই বিদ্যালয়টি নতুন ভবন পাবে। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। আগামীকাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং এলজিইডির প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত নতুন স্কুল ভবন নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
নিজস্ব প্রতিবেদক 










