
নওগাঁর সাপাহারে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই নির্মাণাধীন একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।
অভিযান সূত্রে জানা যায়, কলমুডাঙ্গা এলাকায় নির্মাণাধীন ‘মেসার্স স্টার ব্রিকস’ নামের ইটভাটাটিতে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। পরে ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে এক লাখ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অনুমোদনহীন ও পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা অব্যাহত থাকবে।
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি 


















