
নওগাঁর আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা কার্যালয় প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম। সাধারণ দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের সুবিধা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে কক্ষটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনকালে তিনি বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত ও প্রশাসনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে পরিদর্শন কক্ষটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মনিরুজ্জামানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য।
তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, চুরি-ডাকাতিসহ অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ইউএনও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 



















