
নওগাঁয় ৩৮ কেজি ১০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের তারা দেবী মূর্তিসহ সাজেদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৩৮ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থানাধীন বাইপাস এলাকার সাদিয়া মার্কেটে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
১৬ বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি-এর নির্দেশনায় সহকারী পরিচালক দেলোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ রাশেদ এবং পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সাদিয়া মার্কেটের একটি ফার্নিচারের দোকানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দোকান থেকে ৩৮ দশমিক ১০০ কেজি ওজনের কষ্টিপাথরের একটি তারা দেবী মূর্তি উদ্ধার করা হয়। এ সময় মূর্তিটি রাখার অভিযোগে সাজেদুল ইসলামকে আটক করা হয়। তিনি নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
বিজিবি জানায়, উদ্ধার করা মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৩৮ লাখ ১০ হাজার টাকা। আটক সাজেদুল ইসলামের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়েরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে উদ্ধার করা মূর্তিটি প্রাথমিকভাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে প্রতীয়মান হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিনিধি, নওগাঁ 


















