
নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে হাতকড়া পরিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বিরামপুর থানার চাপড়া গ্রামের মানিক হোসেন (৩৪), দক্ষিণ দাউদপুর গ্রামের এনামুল হক এবং ফুলবাড়ী থানার মুক্তারপুর গ্রামের মাহবুব হাসান মুন্না (৩৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন ব্যক্তি ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বিপুল কুমারের বাড়িতে প্রবেশ করেন। পরে বিপুলের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে ভয়ভীতি দেখানো হয়। একই সঙ্গে বাড়ির নারী সদস্যদেরও ভয় দেখিয়ে ঘরের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র তল্লাশি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
বিষয়টি সন্দেহ হলে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাদের পিছু ধাওয়া করেন। পরে বাঘমারা থানার সিমলা বাজার এলাকায় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে মান্দা ও বাঘমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি 















