
নওগাঁর রাণীনগরে এক প্রবাসীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘরে থাকা খাট, ফ্রিজ, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে নির্মাণাধীন বাড়ির কয়েকটি পাইপ ভাঙচুর ও নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর আগে প্রায় দেড় বছর আগেও একই বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া মৃধাপাড়া গ্রামে প্রবাসী মোফাজ্জল হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোফাজ্জল হোসেন ওই গ্রামের খয়ের আলীর ছেলে।
প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার জানান, প্রায় এক সপ্তাহ আগে বাড়িতে তালা দিয়ে তিনি বাবার বাড়িতে বেড়াতে যান। বুধবার গভীর রাতে মোবাইল ফোনে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, তার বাড়িতে আগুন জ্বলছে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা খাট, ফ্রিজ, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
শারমিন আক্তার আরও বলেন, “প্রকাশ্যে কারও সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তারপরও কে বা কারা বারবার বাড়িতে আগুন দিচ্ছে, তা বুঝতে পারছি না। ধারণা করছি, ঘরের জানালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।”
তিনি জানান, বাড়ির কিছুটা দূরে নির্মাণাধীন বাসার মোটরের পাইপ ও ওয়াশরুমের কয়েকটি পাইপও ভাঙচুর করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরিবারের দাবি, প্রায় দেড় বছর আগেও একই বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই সময় নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ১ লাখ টাকার মালামাল পুড়ে যায়। পুনরায় এমন ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শারমিন আক্তার।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 











