
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে পূর্বাশা পরিবহনের এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপারভাইজারের নাম মো. জুয়েল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসের সঙ্গে একই দিক থেকে মাগুরাগামী ময়দাবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম জানান, শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছানোর পর ময়দাবোঝাই ট্রাকটির একটি টায়ার হঠাৎ বিস্ফোরিত হয়। পরে চালক টায়ার পরিবর্তনের জন্য মহাসড়কের ওপর ট্রাকটি দাঁড় করিয়ে রাখেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা পূর্বাশা পরিবহনের বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
তিনি জানান, সংঘর্ষের সময় বাসটির সুপারভাইজার জুয়েল বাম পাশে ইঞ্জিনের কভারের ওপর বসে ছিলেন। ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ফরিদপুর প্রতিনিধি 











