
নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক পতিসর সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ৩ হাজার তালগাছের চারা রোপণ করা হয়েছে।
উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে, উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা কৃষক দলের সার্বিক সহযোগিতায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
এ সময় তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত প্রতিরোধ এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধিতে তালগাছের গুরুত্ব অপরিসীম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পতিসরের অভিমুখে যাওয়া এই সড়কটিকে মনোরম ও পরিবেশবান্ধব করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, গাছ প্রকৃতির প্রাণ। তাই শুধু চারা রোপণ করলেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামীতে উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশে পরিবেশবান্ধব গাছ লাগানোর কার্যক্রম অব্যাহত রাখা হবে।
উল্লেখ্য, কর্মসূচির আওতায় নওদুলী থেকে পতিসর পর্যন্ত সড়কের দুই পাশে মোট ৩ হাজার তালগাছের চারা রোপণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, মো. ফারুক বখ্তসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নিজস্ব প্রতিবেদক 














