
নারী ফুটবলারদের এগিয়ে নেওয়া ও খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার পত্নীতলা উচ্চবিদ্যালয় মাঠে পত্নীতলা ও মহাদেবপুর নারী ফুটবল দলের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা হেক্স/ইপার ও ডাসকো ফাউন্ডেশনের সমন্বয়ে পরিচালিত ‘থ্রাইভ’ প্রকল্পের উদ্যোগে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেক্স-ইপার বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রামের পার্টনারশিপ ম্যানেজার ও সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার (জেন্ডার ডাইভারসিটি অ্যান্ড অ্যাডভোকেসি) সাইবুন নেসা। প্রধান অতিথি ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, মহাদেবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিষ কুমার দেবনাথ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন এবং প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আমিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন পত্নীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক স্বপন, হেক্স-ইপারের সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর আ ফ ম রুকুনুল ইসলাম, টেকনিক্যাল অফিসার পাপন সরকার, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের ফোকাল পারসন মদন দাস ও প্রকল্প সমন্বয়কারী মো. তোফাজ্জল হোসেন।
সভাপতির বক্তব্যে সাইবুন নেসা বলেন, ‘থ্রাইভ প্রকল্পের মূল লক্ষ্যই হলো শিশু ও কিশোর-কিশোরীদের মেধা ও জীবনদক্ষতার বিকাশ ঘটানো। মাঠের খেলাধুলা তরুণদের নেতৃত্বগুণ অর্জন এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
খেলায় দুই দলের নারী ফুটবলাররা চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 


















