
নওগাঁ জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. একরামুল বারী ডলার (পিতা: মৃত আব্দুস সামাদ), জেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট মো. শাহানুর নেওয়াজ লিখন (পিতা: মোসলেম উদ্দিন আকন্দ), নওগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শিশির দাস (৬৬), একই ওয়ার্ড ছাত্রলীগের সদস্য জয়দীপ সাহা (২২) এবং কীর্তিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাতুজ্জামান।
অন্যদিকে, পত্নীতলা থানা পুলিশের অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মো. ইয়াছিন আলী (৪২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামান চৌধুরী (৪৯)।
এ ছাড়া ধামইরহাট, আত্রাই ও রাণীনগর থানা পুলিশের পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন তুহিন হোসেন ওরফে তুহিন মৃধা (২৭), মো. আল শাহরিয়ার হোসেন এবং আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বি জুয়েল।
পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 

















