
নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে রাস্তার পাশে পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গভীর রাতে হঠাৎ দুটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়সংলগ্ন সড়কের পাশে আল বারাকা পরিবহনের কয়েকটি বাস পার্কিং করা ছিল। এর মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি বাসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। তবে অগ্নিকাণ্ডে বাস দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। এ ঘটনার পেছনে নাশকতা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অনুসন্ধান চালাচ্ছে।
গভীর রাতে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 

















