
নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং অসম্মান করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আত্রাই উপজেলা কমান্ডের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন স্তরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, জাতীয় পতাকা ও লাল পতাকা দেখা যায়।
আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. আনিসুর রহমান বুলু, বীর মুক্তিযোদ্ধা মো. আফিল উদ্দিন, মো. খালেকুজ্জামান বুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির সমাপনী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, যাঁরা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং তাঁদের অসম্মান করা অত্যন্ত লজ্জাজনক ও অপরাধমূলক কাজ। এ ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ও মূল অপরাধীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় বীর মুক্তিযোদ্ধারা হাত গুটিয়ে বসে থাকবেন না।
সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন ও অসম্মান করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
নিজস্ব প্রতিবেদক 

















