
নওগাঁর আত্রাইয়ে আদালতে বিচারাধীন জমিতে জোরপূর্বক প্রবেশ করে টিনের বেড়া দিয়ে টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন জমির দাবিদার মো. আলাউদ্দিন (৭০)। এ ঘটনায় তিনি চারজনের বিরুদ্ধে আত্রাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে চকশিমলা গ্রামের মৃত লছির উদ্দীনের ছেলে আ. মালেক (৪৫), তাঁর ছেলে আকরাম (২৩), স্ত্রী আছমা বেগম (৪০) এবং বড়শিমলা গ্রামের মৃত আ. সামাদের ছেলে মোতাহার (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চকশিমলা গ্রামের একটি তিন শতক জমি নিয়ে আলাউদ্দিন ও অভিযুক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আলাউদ্দিনের দাবি, ওই জমি নিয়ে আগে আদালতে মামলা হলে রায় তাঁর পক্ষে আসে। পরে ওই রায়ের বিরুদ্ধে মামলা হওয়ায় জমিটি নিয়ে বিরোধের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা ওই জমিতে প্রবেশ করে টিনের বেড়া দিয়ে একটি টয়লেট নির্মাণ করেন। এ সময় আলাউদ্দিন বাধা দিলে তাঁকে গালিগালাজ এবং মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ঘটনাস্থল থেকে সরে যান।
আলাউদ্দিন বলেন, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় সেখানে টয়লেট নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করেছি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আ. মালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, চকশিমলা গ্রামের জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক 


















