
নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মস্কিপুর-আবাদপুকুর সড়কের মস্কিপুর বাজারসংলগ্ন একটি বাড়িতে এ চুরি হয়। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
চুরি যাওয়া গরুর মালিক শিক্ষক আনিছার রহমান উপজেলার মস্কিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
ভুক্তভোগী শিক্ষক আনিছার রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি গোয়ালঘরে চারটি গরু রেখে দরজায় তালা দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে ফজরের নামাজ শেষে গরুগুলো বের করতে গিয়ে দেখেন, গোয়ালঘরের জানালার কয়েকটি ইট খোলা। ওই জানালা দিয়ে চোরেরা দুটি গরু নিয়ে গেছে। চুরি যাওয়া গরু দুটির আনুমানিক মূল্য প্রায় পৌনে দুই লাখ টাকা বলে জানান তিনি।
ঘটনার খবর পেয়ে শনিবার সকালে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, গরু চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক 














