
মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে নওগাঁর আত্রাইয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
রোববার (৪ অক্টোবর) আত্রাই থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। প্রধান আলোচক ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
মতবিনিময় সভায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারজনিত বিভিন্ন সাইবার অপরাধ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, প্রতারণা এবং সাইবার অপরাধ থেকে সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রায় এক ঘণ্টার পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় পুলিশ সুপার মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের নানা দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে উপস্থাপনাটি শোনেন। পরে তারা মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করে হাত তুলে অঙ্গীকার করেন।
সভায় শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম এ ধরনের সচেতনতামূলক আয়োজনের জন্য নওগাঁ জেলা পুলিশ ও আত্রাই থানা পুলিশকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের পুলিশ সুপারের দেওয়া দিকনির্দেশনা অনুসরণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, আত্রাই থানার অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী দুই শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
নিজস্ব প্রতিবেদক 
















