
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দুর্ঘটনাটি ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এক শিশুসহ ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ট্রাকচালক ও বাসের আটজন যাত্রী ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। আহতদের নাটোর জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে আরও ৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে নাটোর জেনারেল হাসপাতালে দুজন এবং বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে তিনজন মারা যান। এতে মৃতের সংখ্যা দাঁড়ায় ১৪ জনে। জেলা প্রশাসক সুমনী আক্তার মৃতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাটোর (বড়াইগ্রাম) প্রতিনিধি 


















