
পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সম্পদ মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
শনিবার (১৭ অক্টোবর) সকালে কালকিনি পৌরসভার আয়োজনে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি খোকন তালুকদার বলেন, “আমাদের নিজ পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এসব প্রতিষ্ঠান যেন সবসময় বাসযোগ্য ও ব্যবহারোপযোগী থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, মানুষ যেসব প্রতিষ্ঠানে সেবা নিতে যান, সেগুলোকে নিজের বাড়িঘরের মতো মনে করে যত্ন নেওয়া উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং মানুষের পাশে থাকতে চান। তাঁর কর্মী হিসেবে আমরাও জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর। তবে এ ক্ষেত্রে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি 


















