
রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু।
শনিবার সকালে ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার। ইউনিয়নবাসীর জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালে পৌঁছানোর সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিজের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেও অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন চেয়ারম্যান।
চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, ইউনিয়নের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতেই তাঁর এ উদ্যোগ। নির্বাচনী ইশতেহারে দেওয়া অন্যান্য প্রতিশ্রুতিও পর্যায়ক্রমে বাস্তবায়ন করে গঙ্গাচড়া সদর ইউনিয়নকে দেশের মধ্যে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক, গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহম্মেদসহ গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 


















