
পাবনা সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে অনেকেই সোনাপাতির বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে বজ্রপাত থেকে বাঁচতে আটজন বিলের মধ্যে অবস্থিত একটি টঙ ঘরে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এতে অপর দুজন গুরুতর আহত হন।
বজ্রপাতের পর হতাহতরা বেশ কিছুক্ষণ টঙ ঘরেই পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে আশপাশের এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ছয়জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এ সময় স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় অবস্থিত। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাবনা প্রতিনিধি 


















