
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তের উদ্যোগ নিয়েছে নাটোর জেলা বিএনপি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত নাটোর জেলা বিএনপির নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, নৈতিক স্খলনজনিত অভিযোগের বিষয়টি জেলা বিএনপি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদন কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত নেবেন দলের কেন্দ্রীয় নেতারা।
আসাদুজ্জামান আসাদ আরও বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা বিএনপির এমপি আব্দুল আজিজকে দলীয় পদ থেকে বহিষ্কার করার ক্ষমতা জেলা কমিটির নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় কমিটির। তাই পুরো বিষয়টি লিখিতভাবে কেন্দ্রে জানানো হবে।
এদিকে ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে ছেলের গ্রেপ্তার এবং জানাজায় হেনস্তার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্কের মুখে পড়েছেন এমপি আব্দুল আজিজ। সম্প্রতি তাঁর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আব্দুল আজিজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এর আগে ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র দাবি করে আব্দুল আজিজ বলেছিলেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এখন জেলা বিএনপির তদন্ত এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন দলের নেতাকর্মীরা।
নাটোর প্রতিনিধি 


















