
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসায় গেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত চরমোনাই পীরের বাসা রূপায়ণ স্বপ্ন নিলয়ে পৌঁছান তারেক রহমান।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই পীরের ভাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমসহ অন্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় চরমোনাই পীরের বাসার উদ্দেশে গুলশানের বিএনপি কার্যালয় থেকে বের হন তারেক রহমান।
এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ী ব্যক্তিদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২।
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনে শপথ নেবেন নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য। সংসদ সদস্যদের শপথের পর বিকেলে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে।
আমাদের আত্রাই ডেস্ক 


















