
প্রিয় ফুটবল দল ব্রাজিলের পরাজয় এবং তারকা ফুটবলার নেইমারের এর বিদায় নিয়ে ফেসবুকে আবেগঘন একটি পোস্ট করেছিলেন মো. জুয়েল রানা (২৭)। সেই পোস্ট দেওয়ার মাত্র আধা ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম–পেকুয়া আঞ্চলিক সড়কের শীলকূপ ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারের দোকান এলাকার বাসিন্দা। তিনি বাঁশখালী পৌরসভার লতিফ মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকানে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় রওনা হন জুয়েল। পথে চট্টগ্রামমুখী একটি নিবন্ধনহীন অটোরিকশা অপর একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জুয়েল রানা ও রেজাউল নামে আরও এক যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। আহত রেজাউল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
জুয়েলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেষ ফেসবুক পোস্টটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুর্ঘটনার মাত্র ৩০ মিনিট আগে তিনি লিখেছিলেন “দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।”
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই এতে হাজারো মানুষ প্রতিক্রিয়া জানান এবং দেড় হাজারের বেশি বার শেয়ার করা হয়। শোকাহত বন্ধু ও স্বজনরা পোস্টের মন্তব্যে গভীর শোক প্রকাশ করেন। তাদের একজন নাজিম আহমেদ লিখেছেন, “তোমারটাও মানতে পারছি না ভাই। তুমি দুনিয়াতে নাই।”
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা একটি অটোরিকশা আটক করেছে। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
আমাদের আত্রাই ডেস্ক রিপোর্ট 








