
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নির্মিত অস্থায়ী মঞ্চ ধসে পড়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ উপস্থিত এমপি ও স্থানীয় নেতারা নিচে পড়ে যান। পরে ত্রাণ সংগ্রহকে কেন্দ্র করে হুড়োহুড়িতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে পৌরসভার সামনে আয়োজিত এ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। মঞ্চে তখন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ার এমপি এনামুল হক, বোয়ালখালীর এমপি এরশাদ উল্লাহসহ দক্ষিণ জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ত্রাণ বিতরণ কার্যক্রম চলাকালে হঠাৎ করেই অস্থায়ী মঞ্চটি ভেঙে পড়ে। এতে মন্ত্রী, এমপিসহ মঞ্চে থাকা সবাই নিচে পড়ে যান। তবে বড় ধরনের কোনো আহতের খবর পাওয়া যায়নি। পরে ভাঙা মঞ্চের সামনেই কয়েকজনের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়ে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে আসা মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের মধ্যে বার্মা কলোনির রাশেদা আক্তার, খাগরিয়া এলাকার আয়ুব আলী, গুচ্ছগ্রামের ঊর্মি আক্তার ও উল্লাপাড়া এলাকার আয়েশা আক্তারসহ কয়েকজনকে দোহাজারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, মঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত লোকজন ওঠায় বারবার নেমে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু মন্ত্রী ও এমপিদের সঙ্গে আরও অনেক নেতা-কর্মী মঞ্চে উঠলে অতিরিক্ত ভারে সেটি ধসে পড়ে।
এ বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে মন্ত্রীসহ উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এতে গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে হুড়োহুড়িতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কাছে তথ্য ছিল না।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 














