
নওগাঁর আত্রাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ রিং জাল জব্দ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া হাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে সেলিম নামে এক ব্যক্তিকে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, নদী-খালে এক শ্রেণির অসাধু জেলে অবৈধ রিং জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ১ হাজার ৫০০ মিটার রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। এ সময় থানা পুলিশ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 











