
নওগাঁর আত্রাই উপজেলায় অবৈধভাবে মাছ শিকার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে সোতি জালের অবকাঠামো ধ্বংস এবং ১২টি রিং জাল ও একটি বেড় জাল জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শুটকিগাছা ও রসুলপুর রাবার ড্রাম সংলগ্ন আত্রাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে একটি বেড় জাল, ১২টি রিং জাল এবং একটি সোতি জালের অবকাঠামো জব্দ ও ধ্বংস করা হয়। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। পরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অভিযানকালে আত্রাই থানা পুলিশের সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 












