
গত কয়েক দিনের একটানা ভারী বর্ষণে নওগাঁর আত্রাই উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন সড়ক ভেঙে চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এছাড়া পুকুর ডুবে প্রায় বিশ লাখ টাকার মাছ ভেসে গেছে। নষ্ট হয়ে গেছে বিভিন্ন ফসল এবং পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। এসব ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনার দাবি জানিয়েছেন চাষিরা।
সড়কে ভাঙন: আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, বিভিন্ন এলাকায় সড়কের প্রায় ৮/১০টি স্থান ভেঙে গেছে। এছাড়া নদীতীরবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তবে পানিবন্দি পরিবারগুলোকে সরকারি সহায়তা প্রদান এবং সড়কে চলাচল স্বাভাবিক রাখতে ভাঙা স্থানগুলো মেরামতের চেষ্টা চলছে। এছাড়া উপজেলার একটি ব্রিজের সংযোগ সড়ক দেবে গেছে বলে জানিয়েছেন আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী নিতিশ কুমার।
ভেসে গেছে পুকুরের মাছ: আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৪৬টি পুকুর বৃষ্টির পানিতে ডুবে মাছ ভেসে গেছে। এতে চাষিদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বীজতলা ও ফসলের ক্ষতি: আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, বিভিন্ন এলাকায় আমন বীজতলা ১০ হেক্টর, আউশ ধান ৮ হেক্টর, শাকসবজি প্রায় ৫ হেক্টর ও ভুট্টা ৭ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। তবে দ্রুত পানি নেমে গেলে বা বর্ষণ না হলে অনেক ফসল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রণোদনার দাবি: বর্ষণে পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতি পোষাতে প্রণোদনার দাবি জানিয়েছেন চাষিরা।
আত্রাই উপজেলার পাইকড়া গ্রামের মাছচাষি আমল প্রামানিক বলেন, “আমি চারটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। কয়েক দিনের টানা বর্ষণে তিনটি পুকুর ডুবে মাছ ভেসে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।” তিনি সরকারের কাছে প্রণোদনার দাবি জানিয়েছেন।
উপজেলার শ্রীধর গুড়নই গ্রামের মাছচাষি সামাদ বলেন, “আমার একটি পুকুর ভেসে গেছে, এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।” তবে বৃষ্টি আরও হলে ক্ষতির সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন এই মাছচাষি।
কর্মকর্তা যা বলছেন: আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, বিভিন্ন সড়কের ভাঙন মেরামতের কাজ শুরু হয়েছে। পানিবন্দি পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। তবে মৎস্য ও কৃষি খাতে চাষিদের ক্ষতির ক্ষেত্রে সরকারি সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।
নিজস্ব প্রতিবেদক 











