
নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদীতে গোসল করতে নেমে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকবিষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ বৃদ্ধা উপজেলার চকবিষ্টপুর গ্রামের মৃত কাশেমের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে তিনি আত্রাই নদীতে গোসল করতে নামেন। নদীতে স্রোত থাকায় গোসলের একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ বৃদ্ধার কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, “একজন বৃদ্ধা নদীতে নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।”
নিজস্ব প্রতিবেদক 












