
বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত জামিল শেখ শেরুয়া দাহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল বিরোধ মীমাংসার চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষের শাকিল (২২) তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। গুরুতর আহত অবস্থায় জামিল মাঠে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের শেরুয়া দাহপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি চাতালে ম্যানেজার হিসেবে কর্মরত। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি 










