
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয়ে দেখা দিয়েছে চরম বিপর্যয়। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ২৪ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় চারজন শিক্ষার্থী অংশ নেয়। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। একই উপজেলার অনভারডিঘি উচ্চবিদ্যালয় থেকে সাতজন, মাধবপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন এবং তাওরিগাঁ উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন পরীক্ষার্থী অংশ নিলেও একজনও পাস করতে পারেনি।
এ ছাড়া হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। ফলে পাঁচটি বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
এমন ফলাফলে বিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের পাঠদানের মান, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং একাডেমিক ব্যবস্থাপনা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।
ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার বলেন, “পাঁচটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এ কারণে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের শোকজ করা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে ফল বিপর্যয়ের কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে।”
তিনি আরও বলেন, বিদ্যালয়গুলোর ফলাফল কেন এত খারাপ হয়েছে, তা খতিয়ে দেখা হবে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলা থেকে মোট ১৭ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯ হাজার ৮৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৪ জন শিক্ষার্থী। জেলায় এবার মোট পাসের হার ৫৫ দশমিক ৯০ শতাংশ।
ঠাকুরগাঁও প্রতিনিধি 
















