
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং দোকানপাট ও প্রতিষ্ঠানের আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।
স্মারকে বলা হয়েছে, বুধবার থেকেই দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন জারি করা নির্দেশনা অনুযায়ী, এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তের ফলে সেই সময়সীমা এক ঘণ্টা কমানো হলো।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। এসব আয়োজনের ক্ষেত্রেও নতুন সময়সীমা কার্যকর হবে।
সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন ধরনের আলোকসজ্জাও সম্পূর্ণভাবে বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে।
তবে জরুরি সেবার আওতাভুক্ত খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা স্মারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনার ফলে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনাই সরকারের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 

















