
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাতছালা গ্রামে দীর্ঘদিনেও মাত্র ১ হাজার ৫০০ ফুট মাটির রাস্তা পাকা না হওয়ায় প্রতীকী প্রতিবাদ করেছেন এলাকাবাসী। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে সড়কটিতে ধানের চারা রোপণ করে তারা প্রতিবাদ জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছেন তারা। বিভিন্ন সময়ে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা রাস্তা পাকা করার আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি। ফলে বর্ষা এলেই দুর্ভোগ আরও বেড়ে যায়।
তাদের অভিযোগ, বৃষ্টির পানি ও কাদায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে কৃষকদের মাঠ থেকে ফসল আনা এবং বাজারে নেওয়া কঠিন হয়ে যায়। পাশাপাশি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলেও চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয়রা আরও জানান, কেউ অসুস্থ হলে কিংবা কোনো গর্ভবতী নারীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলেও এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করা কঠিন হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, অনেক সময় ভ্যানগাড়িও প্রবেশ করতে পারে না।
দীর্ঘদিনের এই দুর্ভোগের প্রতিবাদে বাধ্য হয়ে সড়কের ওপর ধানের চারা রোপণ করেছেন বলে জানান গ্রামবাসীরা।
তাদের দাবি, এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত ১ হাজার ৫০০ ফুট সড়কটি পাকা করার উদ্যোগ নিতে হবে।
গ্রামবাসীরা বলেন, “এলাকার বিভিন্ন স্থানে রাস্তা পাকা হচ্ছে। অথচ আমাদের এই ছোট রাস্তাটি বছরের পর বছর অবহেলিত। দ্রুত রাস্তাটি পাকা করে আমাদের দুর্ভোগ লাঘবের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”
রাজবাড়ী প্রতিনিধি 
















