
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে আটক করা হয়।
শুক্রবার ভোরে উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা মোবাইলগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
আটক এনামুল হক অন্তর তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের বিএসসি পাড়ার ময়েন আলীর ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্তপথে ভারত থেকে অবৈধভাবে মোবাইল ফোন এনে আসাদমোড়সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল একটি চোরাচালান চক্র। এসব ফোন দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হতো।
অভিযানে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।
অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন, এসআই সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামান এবং কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাঙ্গা ক্যাম্পের কমান্ডার সুবেদার মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, সীমান্ত এলাকায় মোবাইল চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জব্দ করা মোবাইলের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধি 
















