
মাদারীপুরের কালকিনি পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামে পুরুষশূন্য একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। গত ২২ আগস্ট সকালে এ ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। সম্প্রতি ইসহাক সরদার আহত হওয়ার ঘটনায় জালাল মোল্লা ও তাঁর পরিবারের কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। মামলার কারণে বাড়ির পুরুষ সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
জালাল মোল্লার মেয়ে রুনু বেগম অভিযোগ করেন, তাঁর ভাইয়েরা বিদেশ থেকে বিয়ের জন্য বাড়িতে এসেছিলেন। তাঁদের কাছে থাকা টাকা ও স্বর্ণালংকারের খবর পেয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
পরিবারের অন্য সদস্যদের অভিযোগ, বাড়িতে বোমা বিস্ফোরণ ও ভাঙচুরের পাশাপাশি তাঁদের ভাইদের বাড়িতে ফিরলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
তবে হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাসেল সরদার। তিনি বলেন, ইসহাক সরদারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে; জালাল মোল্লাদের বাড়িতে হামলা বা লুটপাটের সঙ্গে তারা জড়িত নন।
কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ঘটনার তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি 


















