
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তাঁর প্রথম অংশগ্রহণ।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রায় নয় দিনের সফরসূচির প্রস্তুতি চলছে।
সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইডলাইন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব আয়োজনে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
নিউইয়র্ক পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। যুক্তরাষ্ট্র সফরটি হবে তাঁর সরকারের দায়িত্ব নেওয়ার পর আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর।
আ.আ. নিজস্ব প্রতিবেদক 


















