
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, গত কয়েক দিনে উপজেলার ছোট যমুনা নদী, বিভিন্ন বিল ও আবাদপুকুর হাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়।
জব্দ করা এসব জাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। নিষিদ্ধ এসব জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও জলজ প্রাণীসহ জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। তাই মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
জাল ধ্বংস করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন কুমারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 











