
নওগাঁর আত্রাই উপজেলা কেন্দ্রীয় মসজিদের নবনির্মিত অজুখানার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে অজুখানাটির উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।
মসজিদ কমিটি সূত্রে জানা যায়, নবনির্মিত অজুখানাটি নির্মাণে মোট ১৮ লাখ ৯০ হাজার টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সরকারি অনুদান হিসেবে পাওয়া গেছে ২ লাখ ৫ হাজার টাকা। এ ছাড়া স্থানীয় বিত্তবান ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় ১৬ লাখ ৯০ হাজার টাকা অনুদান সংগ্রহ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। এর সৌন্দর্য রক্ষা এবং মুসল্লিদের অজুসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা আমাদের সবার ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। অজুখানাটি নির্মাণে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, সমাজের যেকোনো উন্নয়নমূলক ও ধর্মীয় কাজে আত্রাইয়ের মানুষের সহযোগিতার হাত আগামীতেও প্রসারিত থাকবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সাবু, মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাকী শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
উদ্বোধন শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নিজস্ব প্রতিবেদক 


















