
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারী ও তার স্ত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত এক পথচারী নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাচ্ছিল প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়িটি। গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা বেগম (৬০) নামে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে পড়ে যায়।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা স্ত্রী নাজমা আরা বেগম আহত হন। একই সময় পথচারী ফিরোজা বেগমও আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে তার স্ত্রী নাজমা আরা বেগম সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান পা, বাম পায়ের সোল্ডার ও বুকে আঘাত লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনার কারণ ও গাড়ির চালকের বিষয়ে পুলিশ তদন্ত করছে।
আমাদের আত্রাই ডেস্ক রিপোর্ট 














