
ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন। বেকারদের কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনেও ময়মনসিংহ-৫ আসন থেকে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে বাসা থেকে বের হওয়ার পর অজ্ঞাত দুই ব্যক্তি পেছন থেকে ফরহাদকে জাপটে ধরে তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তারা পালিয়ে যায়। ফরহাদের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বাবা আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, মুখোশ পরা দুই ব্যক্তি তার ছেলেকে জাপটে ধরে আগুন দিয়ে পালিয়ে যায়। ফরহাদ মাদকের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি ও সামাজিক আন্দোলনে যুক্ত ছিলেন। কিছুদিন আগে মুক্তাগাছা ভূমি অফিস থেকে বস্তাভর্তি কাগজপত্র চুরির ঘটনায়ও তিনি বাধা দেন এবং এর একটি ভিডিও প্রকাশ করেন। এসব বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল। তাদের কেউ এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি 


















