
তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে লালমনিরহাট পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিকরা স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের অভিযোগ, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি ও চাপের মুখে ফেলতেই এ ধরনের মামলা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, জনস্বার্থে অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মামলা ও হয়রানির মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি। তাই অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।
সমাবেশে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও কর্মসূচিতে সংহতি জানান।
এ সময় সাংবাদিকরা বলেন, সত্য ও জনস্বার্থের সংবাদ প্রকাশ থেকে সাংবাদিকদের কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে বিরত রাখা যাবে না। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধনে ‘সত্য প্রকাশে কলম চলবে’ এই প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনরত সাংবাদিকরা।
লালমনিরহাট প্রতিনিধি 


















