
নোয়াখালীর সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকারকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাকে ক্লোজ করার ঘটনায় এলাকায় নানা আলোচনা চলছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিমকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনাতেও ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বাতানিয়া গ্রামের ব্যবসায়ী মো. শাহজাহান খোকনের বাড়ির একটি সামাজিক অনুষ্ঠানে ওসির অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা শুরু হয়। পাশাপাশি মাদক মামলায় আটক এক ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার কথিত তদবির ও স্থানীয় বিরোধের বিষয়ও আলোচনায় এসেছে।
তবে এসব অভিযোগের কোনোটিকেই তদন্ত শেষ হওয়ার আগে চূড়ান্ত সত্য হিসেবে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্টদের বক্তব্য, মামলার নথি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা নির্ধারণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
নিরপেক্ষ তদন্তের প্রতিবেদন প্রকাশের পরই ওসি আবদুর রহিমকে ক্লোজ করার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নোয়াখালী প্রতিনিধি 

















