
লক্ষ্মীপুরের কমলনগরে হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ৬ মাস থেকে ৫ বছর বয়সী, পূর্বে এমআর টিকা না পাওয়া শিশুদের জন্য ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মীর মোহাম্মদ আমিনুল ইসলাম মন্জু ও এমওডিসি ডা. সোহেল রানা।
স্বাস্থ্য বিভাগ জানায়, হাম সংক্রমণ রোধ এবং টিকাবঞ্চিত শিশুদের টিকার আওতায় আনতেই এ বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। কার্যক্রম সফল করতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা বিভিন্ন এলাকায় কাজ করছেন।
এদিকে, নির্ধারিত বয়সী কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, সেজন্য অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 


















