
বরিশালের উজিরপুরে সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পার্শ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। তারা আটিপাড়া এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন কিশোর গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক ও বাসের স্টাফরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি 


















