
নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করার পর ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদলগাছী উপজেলার সারোয়ার হোসেন অপু (৩২) ও শামীম হোসেন (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে কাদিমপুর গ্রামে ওই দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। এ সময় তারা সঙ্গে থাকা সোনালি রঙের একটি পদকসদৃশ বস্তু ও হ্যান্ডকাফের মতো একটি বস্তু দেখিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি প্রদর্শন করে স্থানীয় লোকজনের কাছে টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে ৯৯৯ নম্বরে ফোন দেন।
পরে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কাদিমপুর গ্রামের জলিল সরদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন।
স্থানীয়দের দাবি, গত এক মাস ধরে ওই দুই ব্যক্তি বিভিন্ন সময়ে ডিবি পুলিশ পরিচয়ে গ্রামের কয়েকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 


















