
সড়কে নিরাপদ চলাচল, অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে নওগাঁর আত্রাই ও রানীনগরে নতুন দুই পুলিশ বক্স চালু করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় পুলিশের সার্বক্ষণিক নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যেই স্থাপন করা হয়েছে এসব পুলিশ বক্স।
রোববার (৪ অক্টোবর) নবনির্মিত পুলিশ বক্স দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, “মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু পুলিশ থাকলেই হবে না, গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের দৃশ্যমান উপস্থিতিও থাকতে হবে।” আত্রাই ও রানীনগরের মানুষের জানমালের নিরাপত্তা, ডাকাতি-দস্যুতা ও ছিনতাই প্রতিরোধ এবং সড়কে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশ বক্সগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা যাতে নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন এবং কোনো ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেন, সেদিক বিবেচনায় এসব পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। জননিরাপত্তায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জেলা পুলিশের প্রধান দায়িত্ব। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ বক্স স্থাপনের ফলে পুলিশের উপস্থিতি ও নজরদারি বাড়বে। পাশাপাশি অপরাধের খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, এসব পুলিশ বক্স থেকে শুধু অপরাধ দমন নয়, সড়কে চলাচলকারী মানুষ ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় পুলিশি সহায়তাও দেওয়া হবে। ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি জোরদার করা হবে।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে পুলিশ সুপার বলেন, “জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব নয়, সহযোগিতার সম্পর্ক তৈরি করতে হবে।” স্থানীয়দের কাছ থেকে অপরাধ ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
জেলা পুলিশ জানিয়েছে, আত্রাই ও রানীনগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানোর পাশাপাশি জরুরি সময়ে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতেই পুলিশ বক্স দুটি স্থাপন করা হয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দা, পথচারী ও সড়কে চলাচলকারী মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 
















