
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ছয় দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪টা থেকে এ নৌপথে স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার সকাল ১১টা ১০ মিনিটে পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর পর বিকেল পৌনে ৪টা থেকে স্বাভাবিক চলাচল শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজান থেকে প্রবল বেগে পানি নেমে আসায় পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় গত ৫ অক্টোবর দুপুর থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তবে নৌপথে নাব্যতা সংকট থাকায় জরুরি ভিত্তিতে ড্রেজিং প্রয়োজন। এ বিষয়ে বিআইডব্লিউটিএর আরিচা ড্রেজিং ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত ড্রেজিং করা না হলে যেকোনো সময় ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ছয় দিন পর ফেরি চালু হওয়ায় এ নৌপথ ব্যবহারকারী যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।
রাজবাড়ী প্রতিনিধি 



















