
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে মোট ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপ পেয়েছে ২০ হাজার টাকা করে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে ওয়াইফাই সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে পূজা উদযাপন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, সবার সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হবে। পূজার নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলো প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে রাজশাহী সিটি করপোরেশনও পূজামণ্ডপগুলোর পাশে থাকবে।
তিনি আরও বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীর পাশাপাশি মাদক, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সভায় পূজামণ্ডপের নেতারা ওয়াইফাই সংযোগের দাবি জানালে প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক রাজশাহী 



















