
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনস্টিটিউটের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নতুন বাস চালু, আবাসন সংকট নিরসনে ছাত্রাবাস নির্মাণ এবং অডিটোরিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ এবং মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক রাজশাহী 


















