
নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরিচালিত অভিযানে ১৯০ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৭০ টাকা জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে নওগাঁ সদর থানা পুলিশ ও কিউআর টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে শহরের সুইপার কলোনিতে মিন্টু বাঁশফোরের বাসার সামনে থেকে আপেল প্রামাণিক (৬৫) ও মারুফ সরদার (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ছাড়া অপর একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বেডরুমের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা নাকের ড্রপের ছোট কৌটার ভেতর থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই স্থান থেকে পলিথিনে মোড়ানো ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বাবুল দপ্তরি (৬২) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ছয় মাসে নুনিয়াপট্টিতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, শতাধিক কেজি গাঁজা, এক হাজার লিটারের বেশি চোলাই মদ, দুই লাখ টাকার বেশি নগদ অর্থ এবং কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, নওগাঁ শহরের নুনিয়াপট্টিসহ মাদকপ্রবণ এলাকাগুলোতে মাদক নির্মূল ও মাদক ব্যবসা দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ দৃঢ় অবস্থানে রয়েছে।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 


















