
নওগাঁর আত্রাইয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ৬৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
এ সময় ইউএনও বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাইসাইকেল তাদের চলাচল সহজ করার পাশাপাশি দাপ্তরিক কাজে গতি আনবে।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাইসাইকেল পেয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রাম পুলিশ সদস্যরা। তারা জানান, এর মাধ্যমে প্রত্যন্ত এলাকায় যাতায়াত ও দায়িত্ব পালন আরও সহজ হবে।
নিজস্ব প্রতিবেদক 


















